বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) নামে চিকিৎসকদের একটি সংগঠন বলছে, সরকারি বেসরকারি মিলিয়ে এই মুহূর্তে ৩২৪ জনের চিকিৎসক করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। এরই মধ্যে সিলেটের একজন চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিডিএফ প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস আজ শনিবার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডিএফের তথ্য বলছে, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৫ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ২০ জন, অন্যান্য হাসপাতালে ২০ জন। ময়মনসিংহ বিভাগে হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ২৬ জন, তার সবাই সরকারি হাসপাতালের চিকিৎসক। চট্টগ্রাম বিভাগে সংক্রমিত হওয়া ১২ জনের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে সংক্রমিত হয়েছেন ৩ জন, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ জন, বরিশাল বিভাগে সংক্রমিত হয়েছেন ৮ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।
সংশ্লিষ্টরা বলছেন, যথেষ্ট সুরক্ষা সামগ্রী ছাড়াই চিকিৎসা সেবা দেয়ার কারণেই চিকিৎসকরা করোনা আক্রান্ত হচ্ছেন। মূলত যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা তথ্য গোপন করছেন। আবার অনেক চিকিৎসক কমিউনিটি ট্রান্সমিশনের শিকার। তারা বলছেন, চিকিৎসকদের করোনাভাইরাসে সংক্রমণ হলে ঝুঁকি বেড়ে যায় কারণ তার সংস্পর্শে আরো অনেকেই আক্রান্ত হতে পারেন। সংক্রমিতদের তালিকায় নার্স বা স্বাস্থ্যকর্মীর সংখ্যা যোগ হলে চিকিৎসকসহ মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে।